Sunday, November 8

রাজবাড়ী প্রতিনিধি |

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে মোছা. লাইজু (৩৯) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী ‘কুমিল্লা’ নামের একটি ফেরিতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ লাইজু ঢাকার কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা মো. ফোরকান মিয়ার স্ত্রী। তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলায়।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। শনিবার বিকেলে স্বামীর সঙ্গে অভিমান করে কামরাঙ্গীরচরের বাসা থেকে বের হয়ে যান লাইজু। পরে সন্ধ্যা ৭টার দিকে তিনি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে এসে দৌলতদিয়াগামী ফেরিতে ওঠেন।

ফেরিটি পদ্মা নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ তিনি ফেরি থেকে নদীতে ঝাঁপ দেন। ঘটনাটি দেখতে পেয়ে ফেরিতে থাকা যাত্রীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে ঘাট কর্তৃপক্ষ, বিআইডাব্লিউটিসি এবং নৌ পুলিশকে অবহিত করেন।

দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নৌ পুলিশের একটি দল স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রবল স্রোতের মধ্যেও উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে রাত পর্যন্ত নিখোঁজ ওই নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে নৌ পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

পারিবারিক অভিমানের জেরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কর্তৃপক্ষ নিখোঁজ নারীর সন্ধানে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছে।

Leave A Reply


Math Captcha
35 + = 45