Saturday, November 7

রংপুরের গঙ্গাচড়ায় বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় পাগলাপীর-জলঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জলঢাকার দিক থেকে পাগলাপীরের দিকে যাওয়ার সময় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী রাধা রানী সরকার (৪০) ও অঞ্জনা রানী সরকার (৫০) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেলচালক অজিত চন্দ্র সরকার।

স্থানীয়রা আহত অজিত চন্দ্র সরকারকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

নিহত রাধা রানী সরকারের স্বামী দুলাল সরকার এবং অঞ্জনা রানী সরকারের স্বামী দ্বিজেন্দ্র নাথ সরকার। তাদের বাড়ি নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বাবুপাড়া এলাকায়।

দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে তারাগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে নেয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, নিহত দুই নারীর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ ও পলাতক ট্রাকচালককে শনাক্তে তদন্ত চলছে।

Leave A Reply


Math Captcha
33 − = 30