Sunday, November 8

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয়জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে তাৎক্ষণিকভাবে বাধা দিয়ে ওই চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার সামন্তা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর সাড়ে ৫টার দিকে ৫৫/এমপি সীমান্ত পিলারের গেট দিয়ে ভারতের সিঙ্গামোড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা চারজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।

বিষয়টি বিজিবির নজরে আসার পর সীমান্তে অবস্থানরত সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করে।

বিজিবি জানায়, বর্তমানে ওই ছয়জন ব্যক্তি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। তাদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইসহ প্রয়োজনীয় বিষয়ে বিএসএফকে অবহিত করা হয়েছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির সতর্ক অবস্থান বজায় রয়েছে বলে জানিয়েছে বাহিনী।

Leave A Reply


Math Captcha
13 + = 15