নিজ দলের নেতা-কর্মীদের নৈতিকতা ও আচরণ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ‘ফেরেশতার দল’ নয়, তাই ভুল-ত্রুটি হতেই পারে। তবে নৈতিকতার প্রশ্নে দলের কোনো ছাড় নেই এবং গুরুতর অপরাধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার রাজধানীর কাকরাইলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী ফেরেশতার দল নয়, আমরা মানুষ। আমাদের ভুলত্রুটি হয়। আমরা কোনো অন্যায় করি না—এটা বলছি না। আমাদের ভুল ধরিয়ে দিন, আমরা তা সংশোধন করব।”
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “সাদা কাপড়ে দাগ লাগলে তা স্পষ্ট দেখা যায়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। নৈতিকতার প্রশ্নে জামায়াতের কোনো ছাড় নেই। সংশোধনের সুযোগ থাকবে, কিন্তু অপরাধের মাত্রা গুরুতর হলে কঠিন সিদ্ধান্ত নিতে হবে।”
জামায়াত আমির আরও বলেন, “শয়তান আমাদের ছেড়ে কথা বলবে না। সে সবসময় মানুষকে বিপথে নেওয়ার চেষ্টা করে। তাই নেতাদের সর্বক্ষেত্রে সৎ ও নৈতিক হতে হবে। তাহলেই সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব।”
তিনি বলেন, “সকল যুগেই কিছু অপরাধপ্রবণ মানুষ ছিল। সে কারণেই যুগে যুগে নবীদের মাধ্যমে বিধান এসেছে। আমরা নিজেদের সংশোধনের চেষ্টা করি। এরপরও ধানের মধ্যে চিটা থাকতেই পারে।”
রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক গণ-আন্দোলনের চেতনা বিশ্বের বিভিন্ন দেশেও প্রভাব ফেলছে। তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়।
গণভোট ইস্যুতে সরকারের অবস্থানের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, “জনগণের অভিপ্রায় সংবিধানের ঊর্ধ্বে। সংবিধান জনগণের জন্য, জনগণ সংবিধানের জন্য নয়। জনগণ যদি গণভোট চায়, তাহলে একটি রায় মেনে অন্যটি অগ্রাহ্য করা গ্রহণযোগ্য হতে পারে না।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সমাধান যদি সংসদে না হয়, তাহলে ইনশাআল্লাহ রাজপথে হবে, যেমনটি ২০২৪ সালে হয়েছিল।”
সরকারের উদ্দেশে তিনি বলেন, “সংবিধানকে অতিরিক্ত কচলাবেন না। আমরা দেখতে চাই, সরকার জনগণের রায়কে সম্মান জানায়।”
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, “দেশে খুন, মাদকসহ নানা অপরাধ বেড়েই চলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অন্য বিষয়ে বেশি কথা বলেন, নিজের মন্ত্রণালয়ের দিকে নজর দেওয়া প্রয়োজন। জনগণকে শান্তিতে থাকতে দিন।”
তার বক্তব্যের মাধ্যমে দলীয় শৃঙ্খলা, নৈতিকতা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াতের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

