ময়মনসিংহ নগরীর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জ এলাকায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় আরও এক নারী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার সময় ট্রাকটি চালকের পরিবর্তে তাঁর সহকারী (হেলপার) চালাচ্ছিলেন।
নিহতরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের শিলা আক্তার (২৫), সদর উপজেলার রঘুরামপুর গ্রামের আবেদা খাতুন (৩৫) এবং নগরীর জুবলি ঘাট এলাকার দেবরাজ ঘোষ (৩৫)। আহত তানিয়া সুলতানা (২০) ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার বাসিন্দা। তাঁকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শম্ভুগঞ্জ এলাকার পুষ্টিরাজ ফিডের ডিপোতে মালামাল নামিয়ে ট্রাকটি মহাসড়কে ওঠার সময় শম্ভুগঞ্জ থেকে কলতাপাড়াগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ট্রাকের নিচে চলে যায়।
দুর্ঘটনায় অটোরিকশাচালক মোশাররফ হোসেন সামান্য আহত হয়েছেন। তিনি ময়মনসিংহ সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ফিরোজ মাহমুদ জানান, দুর্ঘটনার সময় চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি চারজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁদের মধ্যে একজন পুরুষ তখনও জীবিত ছিলেন। সড়কের পাশে নেওয়ার পর তিনি মারা যান। আহত তিন নারীকে দ্রুত একটি পিকআপ ভ্যানে করে হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা হারিছ উদ্দিনের দাবি, ট্রাকের মূল চালক নয়, তাঁর সহকারী ট্রাকটি চালাচ্ছিলেন। তিনি বলেন, গুদাম থেকে মহাসড়কে ওঠার সময় ট্রাকটি ঘোরানোর সময় এই দুর্ঘটনা ঘটে। হেলপার ট্রাক চালানোর কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় অটোরিকশাটি ট্রাকের নিচে চলে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুই নারীর মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। ট্রাকটি চালকের সহকারী চালাচ্ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাঁদের আটকের চেষ্টা চলছে। নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

