Saturday, November 7

দীর্ঘ ১৬ বছর আত্মগোপনে থাকার পর বরিশালের বাবুগঞ্জ উপজেলার অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি মো. আরিফ হোসেন (৪৪) গ্রেপ্তার হয়েছেন। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি এবং আন্তঃজেলা সমন্বয়ের মাধ্যমে খুলনা মহানগরীর খালিশপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) রাতে বাবুগঞ্জ থানা পুলিশের অভিযানে র‍্যাব-৬, খুলনার সহায়তায় তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আরিফ হোসেন বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের মৃত আব্দুল হাই আকনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০০৩ সালে দায়ের হওয়া একটি অস্ত্র মামলায় বিচার শেষে ২০১০ সালে আদালত তাকে অস্ত্র আইনের ১৯-ক ধারায় দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন তাকে গ্রেপ্তার করা সম্ভব না হওয়ায় তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিসেবে তালিকাভুক্ত ছিলেন।

সম্প্রতি আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাবুগঞ্জ থানায় পৌঁছালে আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার। পরবর্তীতে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইভেন মাহাদী তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে আরিফ হোসেনের অবস্থান শনাক্ত করেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি খুলনার খালিশপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। নিশ্চিত তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে র‍্যাব-৬, খুলনার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে বাবুগঞ্জ থানায় নিয়ে এসে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, “দীর্ঘদিন পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি ও আন্তঃজেলা সমন্বয়ের মাধ্যমে তারা যেখানেই আত্মগোপনে থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।”

Leave A Reply


Math Captcha
5 + 4 =