টানা দুই দিনের ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের কারণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র মঙ্গলবার থেকে আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
সোমবার রাতে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানান, অব্যাহত ভারী বৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে। পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময় জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থেকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এদিকে প্রবল বর্ষণে থানচি ও আলীকদম উপজেলায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। থানচির তিন্দু এলাকায় সোমবার পাহাড়ি ঢলের স্রোতে একটি নৌকা ডুবে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আলীকদমে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ঘরবাড়ি ও ফসলের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে আগামী ৭২ ঘণ্টা দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।

