রাজধানীর আদাবরে বিএনপি নেতা আবুল বাশার হত্যা মামলায় আরও এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামির নাম পারভেজ। এ নিয়ে মামলায় মোট ছয়জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম পারভেজের জবানবন্দি রেকর্ড করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান পারভেজকে আদালতে হাজির করে তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন।
এর আগে রোববার ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে মামলার এজাহারভুক্ত আসামি পারভেজকে গ্রেপ্তার করে র্যাব।
মামলার তথ্য অনুযায়ী, গত ২৯ জুন আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিশ্বকাপ ফুটবলে জাপান ও ব্রাজিলের ম্যাচ দেখা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে ১ জুলাই সন্ধ্যায় সালিস বৈঠকেও বিরোধের সমাধান না হওয়ায় সংঘর্ষ বাধে।
সংঘর্ষের সময় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে বিএনপি নেতা আবুল বাশার ও সাদ্দাম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে আবুল বাশারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত সাদ্দাম হোসেন বর্তমানে চিকিৎসাধীন।
ঘটনার তিন দিন পর নিহত আবুল বাশারের স্ত্রী স্মৃতি আক্তার আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ব্রাজিলের জয় উদ্যাপনকে কেন্দ্র করে বাঁশি বাজানো নিয়ে শুরু হওয়া বিরোধের জেরে পরিকল্পিত হামলায় আবুল বাশার নিহত এবং সাদ্দাম হোসেন গুরুতর আহত হন।

