গ্রামাঞ্চলে এখনো লোডশেডিং থাকলেও তা আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, বর্তমানে গ্রামে যে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, তার বেশির ভাগই বিদ্যুতের ঘাটতির কারণে নয়, বরং কারিগরি সমস্যার কারণে।
সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অনুষ্ঠিত ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬–২০৩০)’ শীর্ষক নাগরিক সংলাপে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, “গ্রামে-গঞ্জে যে লোডশেডিং হচ্ছে, তার বেশির ভাগই টেকনিক্যাল কারণে, বিদ্যুতের শর্টেজের জন্য নয়। আমরা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্য বাস্তবায়নের সময় অনেক এলাকায় অপরিকল্পিতভাবে বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছিল। ফলে অতিরিক্ত লোড পড়লে এসব লাইনে কারিগরি ত্রুটি দেখা দেয় এবং সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
ইকবাল হাসান মাহমুদ জানান, এ সমস্যা সমাধানে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে পুরো সমস্যার সমাধান হতে কিছুটা সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি।

