জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. মো. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি ‘পরীক্ষিত বন্ধু রাষ্ট্র’। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থ ও অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।
শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাস আয়োজিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর মানবিক সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহযোগিতা দুই দেশের গভীর অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এ সহায়তার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।
তিনি বলেন, পারস্পরিক স্বার্থ, অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনে আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে তিনি বিশ্বাস করেন।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, টেকসই উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক পরিসরে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা এবং দুই দেশের যৌথ অঙ্গীকার ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের এই অংশীদারিত্ব আগামী দিনগুলোতে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় আরও কার্যকর অবদান রাখবে।

