ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রাম থেকে ১৫ পিস ইয়াবাসহ নাজমুল হাসান নাহিদ (৩৫) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার চাতরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নাজমুল হাসান নাহিদ বংকিরা পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং ওসমান আলীর ছেলে। তিনি সাধুহাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
বংকিরা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, নাজমুল দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। অভিযোগ রয়েছে, তিনি চাতরের মাঠ এলাকায় একটি খুপরি ঘর নির্মাণ করে সেখানে মাদক বিক্রির আস্তানা গড়ে তুলেছিলেন। ওই স্থান থেকে আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করা হতো এবং দূর-দূরান্ত থেকে মাদকসেবীরা সেখানে এসে মাদক কিনতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার নাজমুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, বংকিরা ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, নাজমুলের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পুলিশের বক্তব্যের ভিত্তিতে উল্লেখ করা হয়েছে। মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলো আদালতে প্রমাণিত নয়।

