Saturday, November 7

নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন।

এর আগে গত ২৮ জুন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) রিফাত আল আফসানী জেবুন্নেছা আফরোজকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওইদিন আদালত শুনানির জন্য ১ জুলাই দিন ধার্য করেছিলেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, তদন্তে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণে দেখা গেছে, জেবুন্নেছা আফরোজ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে উস্কানিমূলক বক্তব্য, অর্থায়ন এবং নির্দেশনার মাধ্যমে ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, তিনি জামিনে মুক্তি পেলে পলাতক থেকে তদন্ত কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত একটি ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় ৫ আগস্ট সকাল ১০টার দিকে রাজধানীর ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্ক এলাকার সামনে সহিংসতার ঘটনা ঘটে। ওই ঘটনায় জেবুন্নেছা আফরোজসহ একাধিক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৫ ডিসেম্বর ভাটারা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

Leave A Reply


Math Captcha
− 1 = 3