স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয়সূচক গোল করেন আর্লিং হালান্ড। আগামী রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে।
ফুটবল ইতিহাসের একটি পরিসংখ্যান ব্রাজিলের জন্য বাড়তি আলোচনার জন্ম দিয়েছে। দক্ষিণ আমেরিকার দলটি আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত নরওয়ের বিপক্ষে কখনো জয় পায়নি। এবার বিশ্বকাপের নকআউট পর্বে সেই নরওয়ের সামনেই পড়তে যাচ্ছে সেলেসাওরা।
ম্যাচের শুরুতে আক্রমণে এগিয়ে ছিল আইভরি কোস্ট। কোনানের শট সাইডনেটে লাগে, আর ছয় গজের বক্সে পেপের বাড়ানো বল কাজে লাগাতে ব্যর্থ হন বনি।
প্রথমার্ধের ৩৯তম মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আন্তোনিও নুসা। মার্টিন ওডেগার্ডের পাস ধরে বক্সে ঢুকে ড্রিবলিং শেষে দারুণ বাঁকানো শটে নরওয়েকে এগিয়ে দেন ‘নরওয়েজিয়ান নেইমার’ খ্যাত এই উইঙ্গার।
বিরতির আগে ব্যবধান বাড়ানোর আরও দুটি সুযোগ পেয়েছিল নরওয়ে। তবে হালান্ডের শট প্রতিহত করেন আগবাদু এবং আলেকজান্ডার সরলথের হেড লক্ষ্যভ্রষ্ট হয়।
দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল আইভরি কোস্ট। পেপের নেওয়া শট নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ড অসাধারণ দক্ষতায় পা বাড়িয়ে রুখে দেন।
৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচে প্রভাব ফেলেন আমাদ দিয়ালো। ৭৪তম মিনিটে পেপের সঙ্গে দারুণ ওয়ান-টু পাস খেলে একক নৈপুণ্যে গোল করে আইভরি কোস্টকে সমতায় ফেরান ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড।
ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, তখন ৮৬তম মিনিটে শেষ হাসি হাসে নরওয়ে। অস্কার ববের নিখুঁত থ্রু পাস থেকে বার্গ বল বাড়িয়ে দিলে খুব কাছ থেকে সহজ ফিনিশে জয়সূচক গোল করেন আর্লিং হালান্ড।
এই গোলের মাধ্যমে নরওয়ের জার্সিতে ৫৩ ম্যাচে ৬০ গোলের মাইলফলক স্পর্শ করেন হালান্ড। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে কম ম্যাচে ৬০ গোল করার নতুন রেকর্ডও গড়েন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার।
আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলো নিশ্চিত করা নরওয়ের সামনে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্রাজিল। দুই দলের বহুল প্রতীক্ষিত লড়াই অনুষ্ঠিত হবে আগামী রবিবার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

