আসিফ বিল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু, পর্যাপ্ত ক্লিনিক্যাল শিক্ষা নিশ্চিত এবং শিক্ষার উপযোগী পরিবেশ সৃষ্টির দাবিতে মানববন্ধন করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (২৯ জুন) দুপুরে শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় আয়োজিত মানববন্ধনে বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে তারা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রেখে হাসপাতাল দ্রুত চালুর দাবি জানান।
এর আগে একই দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন, সড়ক অবরোধ এবং ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিও পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংযুক্ত হাসপাতাল এখনো চালু হয়নি। ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় ক্লিনিক্যাল প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন। এতে চিকিৎসা শিক্ষা ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে পেশাগত দক্ষতা অর্জনেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, হাসপাতাল চালুর বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এ কারণে বাধ্য হয়ে তারা আবারও শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছেন।
সমাবেশে বক্তারা অবিলম্বে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু, পর্যাপ্ত চিকিৎসক ও জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপন এবং নিয়মিত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করার দাবি জানান।
তাদের ভাষ্য, হাসপাতাল চালু হলে শুধু মেডিকেল শিক্ষার্থীরাই নন, সুনামগঞ্জসহ আশপাশের জেলার লাখো মানুষ উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সংহতি প্রকাশ করে অংশ নেন।

