Saturday, November 7

স্পোর্টস ডেস্ক: দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের জন্য ২০২৬ বিশ্বকাপ শেষ হলো চরম হতাশায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে মার্সেলো বিয়েলসার দলকে।

শুক্রবার গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি উরুগুয়ে। ম্যাচের ৪২তম মিনিটে আলেক্স বায়েনার শট ঠেকাতে গিয়ে বড় ভুল করেন অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। সেই সুযোগ কাজে লাগিয়ে স্পেনকে এগিয়ে দেন বায়েনা। শেষ পর্যন্ত সেটিই ম্যাচের একমাত্র ও জয়সূচক গোল হয়ে থাকে।

মুসলেরার ভুলের মূল্য দিতে হয়েছে দলকে। বিরতির সময়ই তাকে মাঠ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন কোচ মার্সেলো বিয়েলসা। দ্বিতীয়ার্ধে বদলি গোলরক্ষককে নামানো হলেও সমতায় ফিরতে পারেনি উরুগুয়ে। ফলে গ্রুপ পর্ব থেকেই শেষ হয়ে যায় তাদের বিশ্বকাপ অভিযান।

ম্যাচের অতিরিক্ত সময়ে আরও বিপাকে পড়ে উরুগুয়ে। নিয়ন্ত্রণ হারিয়ে লাল কার্ড দেখেন মিডফিল্ডার আগুস্তিন কানোবিও। মাঠ ছাড়ার সময় রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়ায় তার বিরুদ্ধে অতিরিক্ত শাস্তির আশঙ্কাও তৈরি হয়েছে।

একই গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে ইতিহাস গড়েছে বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে। তিন ম্যাচে অপরাজিত থেকে রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি।

অন্যদিকে, উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে স্পেন। শেষ ৩২-এ কেপ ভার্দের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

উল্লেখ্য, ২০২২ সালের কাতার বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল উরুগুয়ে। চার বছর পর ২০২৬ বিশ্বকাপেও একই পরিণতি হলো দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

Leave A Reply


Math Captcha
96 − = 89