Saturday, November 7

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ১৫ বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়নের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে আইন ও বিধিমালায় এনআইডি নবায়নের বিধান থাকলেও তা বাধ্যতামূলক নয়। তবে পরিচয় যাচাই আরও নির্ভুল ও কার্যকর করতে বিষয়টি বাধ্যতামূলক করার বিষয়ে আলোচনা চলছে।

ইসি সূত্র জানিয়েছে, দীর্ঘ ১৫ বছরে একজন মানুষের চেহারা, শারীরিক বৈশিষ্ট্য এবং বায়োমেট্রিক তথ্যের পরিবর্তন ঘটতে পারে। কেউ কেউ অস্ত্রোপচারের মাধ্যমে জেন্ডার পরিবর্তন করেন, আবার বয়সের কারণে আঙুলের ছাপের মানও কমে যেতে পারে। এসব কারণে পরিচয় নিশ্চিত করতে নানা জটিলতা তৈরি হওয়ায় নিয়মিত এনআইডি নবায়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০-এর ধারা ৭(১) অনুযায়ী, এনআইডির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। একই আইনের ধারা ২-এ বলা হয়েছে, মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত পদ্ধতি ও ফি দিয়ে কমিশনের কাছে নবায়নের আবেদন করতে হবে।

এ ছাড়া জাতীয় পরিচয়পত্র বিধিমালার ৫ নম্বর বিধিতে উল্লেখ রয়েছে, এনআইডি নবায়নের জন্য প্রত্যেক নাগরিককে নির্ধারিত ফরমে সরাসরি অথবা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

সরাসরি আবেদনের ক্ষেত্রে নির্ধারিত ফি জমা দিয়ে রসিদের কপি সংযুক্ত করে আবেদন জমা দিতে হবে। অনলাইনে আবেদন করলে ফি পরিশোধের রসিদের স্ক্যান কপি আপলোড করতে হবে।

বর্তমান বিধিমালা অনুযায়ী, জরুরি আবেদন নিষ্পত্তির সময় ৭ দিন এবং সাধারণ আবেদন নিষ্পত্তির সময় ৩০ দিন। জরুরি আবেদন ফি ১৫০ টাকা এবং সাধারণ আবেদন ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “এটা হচ্ছেই। কেউ চাইলে যখন-তখন আবেদন করে এনআইডি নবায়ন করতে পারেন। হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও নতুন এনআইডি নেওয়ার সুযোগ রয়েছে।”

অন্যদিকে, এনআইডি মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা জানিয়েছেন, বিষয়টি এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। তিনি বলেন, “এখনো বিষয়টি পর্যালোচনার মধ্যে রয়েছে। দেখা যাক কী হয়।”

বর্তমানে হারানো বা নষ্ট হওয়া এনআইডির পুনঃইস্যুর ক্ষেত্রে প্রথমবার সাধারণ আবেদন ২০০ টাকা ও জরুরি আবেদন ৩০০ টাকা। দ্বিতীয়বার সাধারণ ৩০০ টাকা ও জরুরি ৫০০ টাকা এবং পরবর্তী প্রতিবার সাধারণ ৫০০ টাকা ও জরুরি ১,০০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশন বাধ্যতামূলক নবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে এ বিষয়ে প্রয়োজনীয় নীতিমালা ও বাস্তবায়ন প্রক্রিয়া পরে জানানো হবে।

Leave A Reply


Math Captcha
+ 31 = 41