ঢাকা প্রতিনিধি:
পবিত্র আশুরা উপলক্ষে শোক, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার পর মিছিলটি শুরু হয়। এতে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের অধিকাংশকে কালো পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়।
সকাল থেকেই হোসেনি দালান এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করে। কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে অংশগ্রহণকারীরা মাতম করেন এবং বিভিন্ন শোকগাথা ও ধর্মীয় স্লোগান দেন। অনেকের হাতে প্রতীকী তাজিয়া, আলাম, নিশান, বর্শা এবং অন্যান্য প্রতীকী সামগ্রী দেখা যায়, যা কারবালার স্মৃতিকে তুলে ধরে।
‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শোকযাত্রাটি হোসেনি দালান থেকে শুরু হয়ে আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হোসেনি দালান ও আশপাশের এলাকায় র্যাব, পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), সোয়াতসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন এবং মিছিলের পুরো রুটজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপরও নজরদারি রাখা হচ্ছে।
প্রতিবছর পবিত্র আশুরা উপলক্ষে ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের করা হয়। কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রাদিয়াল্লাহু আনহু) এবং তাঁর পরিবার ও সঙ্গীদের শাহাদাতের স্মরণে শিয়া সম্প্রদায় এই শোক মিছিলের আয়োজন করে।

