Saturday, November 7

বরিশাল প্রতিনিধি:

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এবায়দুল ইসলাম রাইয়ান (২২) নামে এক কলেজ শিক্ষার্থী।

বুধবার (২৪ জুন) গভীর রাতে নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকার সোনামদ্দিন সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত রাইয়ান ওই এলাকার মৃত মাহবুব রহমান সিকদারের ছেলে এবং বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, রাইয়ানের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। গত চার-পাঁচ দিন ধরে ওই তরুণী তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এ নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে পরিবারের দাবি।

নিহতের চাচা বাবুল খাঁ জানান, রাইয়ানের মা অসুস্থ থাকায় সেদিন রাতে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় রাইয়ান তার প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। একপর্যায়ে রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে তিনি ঘরের ফ্যানের সঙ্গে লুঙ্গি বেঁধে গলায় ফাঁস দেন।

তিনি আরও জানান, ঘটনাটি বুঝতে পেরে ওই তরুণী বিষয়টি রাইয়ানের বন্ধুদের জানান। পরে বন্ধুরা দ্রুত বাসায় গিয়ে দরজায় ধাক্কাধাক্কি করলেও তার মা গভীর ঘুমে থাকায় তাৎক্ষণিক সাড়া পাননি। রাত পৌনে ৪টার দিকে দরজা খোলা হলে রাইয়ানকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave A Reply


Math Captcha
+ 12 = 13