Saturday, November 7

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় পোল্ট্রি খামারের টিনের চাল থেকে পড়ে জাকির হোসেন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ভরাডোবা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার পুরুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের আবু সাইদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন একটি পোল্ট্রি খামারের টিনের চালে উঠে বৈদ্যুতিক ফ্যান মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে হঠাৎ পা পিছলে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পিজি হাসপাতালে (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা আশফাক আল মামুন জানান, ফ্যান মেরামতের জন্য জাকির টিনের চালে উঠেছিলেন। কাজ করার সময় নিচে পড়ে গিয়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং কান দিয়ে রক্ত বের হতে থাকে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave A Reply


Math Captcha
88 + = 91