Saturday, November 7

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে শফিউল আলম (৩৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শফিউল আলম নিজের কলাবাগানে কাজ করতে সীমান্তসংলগ্ন এলাকায় যান। কাজ করার একপর্যায়ে হঠাৎ একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন এবং তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন, যেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান বলেন, সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব এলাকায় স্থলমাইন থাকার আশঙ্কা রয়েছে, সেসব স্থান শনাক্ত করে সতর্কতামূলক লাল পতাকা টাঙানো হবে।

তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষকে সচেতন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।”

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।

Leave A Reply


Math Captcha
46 − 36 =