Saturday, November 7

আসিফ বিল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলার বাদাঘাট বাজার এলাকা থেকে প্রিন্স রায় দীপ্ত (২৫) নামের ওই যুবককে পুলিশ হেফাজতে নেয়। তিনি বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে অভিযুক্ত যুবক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে একটি আপত্তিকর পোস্ট প্রকাশ করেন বলে অভিযোগ ওঠে। কিছু সময়ের মধ্যেই পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার প্রতিবাদে বাদাঘাট বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বাজার ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সন্ধ্যার দিকে একদল উত্তেজিত ব্যক্তি গড়কাটি গ্রামে গিয়ে অভিযুক্তের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি মন্দিরে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার বলেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—এমন অভিযোগের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তবে আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখছে।”
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে ঘটনাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। পরিস্থিতি যাতে কোনোভাবেই অবনতির দিকে না যায়, সেজন্য প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার কিংবা উসকানিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Leave A Reply


Math Captcha
80 − = 75