Saturday, November 7

ঢাকা রিপোর্ট ডেস্ক: রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ঢাকার প্রধান সড়কগুলো থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ বিষয়ে আগামী মাসে সরকারের উচ্চপর্যায়ের একটি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ডিএমপির ট্রাফিক বিভাগ ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ নিয়ে সরকারের সঙ্গে একাধিক বৈঠক করেছে ট্রাফিক বিভাগ। আলোচনায় অটোরিকশার বেপরোয়া চলাচল, ট্রাফিক আইন অমান্য এবং প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনতে না পারার বিষয়গুলো গুরুত্ব পায়।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা স্থাপনের ফলে সিগন্যাল অমান্য, উল্টো পথে চলাচল এবং লেন পরিবর্তনের মতো অপরাধ কমেছে। তবে অধিকাংশ অটোরিকশার বৈধ নিবন্ধন, নম্বরপ্লেট ও চালকের লাইসেন্স না থাকায় তাদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর আইনগত ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়েছে।

ডিএমপির এক কর্মকর্তা জানান, সরকার ও পুলিশ প্রশাসন উভয় পক্ষই ঢাকার প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধের বিষয়ে প্রাথমিকভাবে একমত হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকারের উচ্চপর্যায় থেকে।

সূত্র জানায়, অনুমোদন পাওয়া গেলে প্রথম ধাপে রাজধানীর প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা সরিয়ে দেওয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে পুরো মহানগরে তাদের চলাচল নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা রয়েছে। আগামী মাসের ১৫ তারিখের পর এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হতে পারে।

ট্রাফিক বিভাগ বলছে, রাজধানীতে বর্তমানে বিপুল সংখ্যক অটোরিকশা চলাচল করছে। এসব যানবাহনের বেপরোয়া চলাচল, উল্টো পথে প্রবেশ, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন অমান্যের কারণে সড়ক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকিও বাড়ছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান বলেন, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে অটোরিকশার বিষয়টি উঠেছিল। তবে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় থাকায় বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তিনি জানান, আগামী মাসে সম্ভাব্য বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

তিনি আরও বলেন, সিদ্ধান্ত হলে ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা সরিয়ে দেওয়া হবে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সময়ে কার্যক্রম আরও বিস্তৃত করা হবে এবং প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মাঠপর্যায়ের ট্রাফিক কর্মকর্তাদের মতে, এআই ক্যামেরার মাধ্যমে বড় যানবাহনের বিরুদ্ধে সহজেই ব্যবস্থা নেওয়া গেলেও অটোরিকশার ক্ষেত্রে তা সম্ভব হচ্ছে না। কারণ অধিকাংশ যানবাহনের মালিকানা ও নিবন্ধনের তথ্য অনুপস্থিত। ফলে এসব যানবাহন নিয়ন্ত্রণে আনতে প্রযুক্তির পাশাপাশি প্রশাসনিক ও রাজনৈতিক সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

Leave A Reply


Math Captcha
87 − = 86