Saturday, November 7

ঢাকা, ২৩ জুন: পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে তাজিয়া মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ বিভিন্ন ধরনের অস্ত্র সদৃশ বস্তু বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৩ জুন) ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ মহররম ১৪৪৮ হিজরি, যা ২৬ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে পালিত হবে, সে উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। অতীতে কিছু অংশগ্রহণকারী মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও লাঠি বহন করে অংশগ্রহণ করেছেন, যা অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করেছে।

ডিএমপির মতে, এসব বস্তু বহনের কারণে ধর্মপ্রাণ ও সম্মানিত নগরবাসীর মধ্যে আতঙ্ক ও ভীতির পরিবেশ তৈরি হতে পারে এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে।

এছাড়া মহররম উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানোর প্রচলন থাকলেও তা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ও এ ধরনের বস্তু বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, তাজিয়া মিছিল শুরু হওয়ার সময় থেকে মিছিল শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

Leave A Reply


Math Captcha
5 + 2 =