Saturday, November 7

মালয়েশিয়ায় আটকেপড়া বাংলাদেশি শ্রমিকদের বিষয়ে দেশটির সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ জুন) কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি জানান, বর্তমানে মালয়েশিয়ায় আটকে থাকা দুই হাজারেরও বেশি বাংলাদেশিকে মুক্ত করতে কূটনৈতিক ও সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় তারেক রহমান বলেন, অদক্ষ শ্রমিক পাঠানোর প্রবণতা কমাতে দেশে টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করা হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য বেসিক আরবি এবং শিক্ষার্থীদের জন্য স্কুল পর্যায়ে ইংরেজিসহ মোট পাঁচটি ভাষা শেখানো বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী আরও দাবি করেন, ইতোমধ্যে প্রায় এক হাজার কিলোমিটার খাল খনন সম্পন্ন হয়েছে এবং সময় লাগলেও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে। তবে বর্ষা মৌসুম শুরু হওয়ায় আগামী মাস থেকে খাল খনন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

তিনি বলেন, “নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে হবে। সময় নিয়ে হলেও আমরা সব পরিকল্পনা বাস্তবায়ন করব।”

প্রবাসীদের কল্যাণে সরকারের অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, আইন অনুযায়ী যতটা সম্ভব সুবিধা আদায়ের চেষ্টা করা হবে এবং হতাশ হওয়ার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, দেশের সামনে অপার সম্ভাবনা রয়েছে। এজন্য পরিশ্রম ও ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে।

পরিবার প্রসঙ্গে তিনি বলেন, “আমার পরিবারের সঙ্গে যা হয়েছে, তার জন্য কোনো প্রতিশোধ নিতে চাই না। ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে চাই।”

Leave A Reply


Math Captcha
33 + = 36