Saturday, November 7

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সালিশ বৈঠকে এক বিএনপি কর্মীর সঙ্গে তার উত্তেজিত আচরণের ভিডিও ছড়িয়ে পড়ার পর এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনার জেরে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হানজালার সমালোচনা করে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে সবাই টিকিট কেটে এই অদ্ভুত প্রাণীটাকে দেখতে পারে।” পাশাপাশি তিনি এমপির আচরণকে ‘ম্যানারলেস’ বলে উল্লেখ করেন।

রাশেদ খানের ওই মন্তব্যের জবাব দেন সংসদ সদস্য হানজালা। রোববার (২১ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমি চিড়িয়াখানায় যাবই, তবে থাকবো বাঘের সঙ্গে— বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত নয়।”

একই পোস্টে তিনি রাশেদ খানকে উদ্দেশ করে আরও লেখেন, “রাশেদ খানকে রেখে আসবো ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক গরুর (মহিষ) পাশে। দেখি দুজন মিলে কতক্ষণ গল্প করতে পারে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে শুধু অনুরোধ, গরুটি যেন পরে নাম পরিবর্তনের আবেদন না করে।”

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সালিশ বৈঠকে উত্তেজিত হয়ে টেবিল চাপড়ে এক ব্যক্তিকে উদ্দেশ করে এমপি হানজালা বলছেন, “ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো। চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য।”

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় রাশেদ খান ও এমপি হানজালার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

Leave A Reply


Math Captcha
47 + = 53