রাজধানীর মধ্যবাড্ডায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত প্রবাসীর স্ত্রী রোজিনা আক্তার (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২০ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ৯টার দিকে মধ্যবাড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোজিনা আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা এবং সৌদি প্রবাসী মো. আউয়ালের স্ত্রী। তিনি রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের ভাই জিহাদ ভুঁইয়া জানান, শুক্রবার রাতে রোজিনা বিকাশ থেকে টাকা তোলার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কিছু সময় পর খবর আসে, তিনি রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।
জিহাদ ভুঁইয়া বলেন, তার বোন বিকাশ থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন, নাকি টাকা তোলার আগেই হামলার মুখে পড়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীদের হামলার শিকার হয়েই তিনি ছুরিকাহত হয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।

