মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালাকে নিয়ে কড়া সমালোচনা করেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।
শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমপি হানজালার আচরণের সমালোচনা করে নানা মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, “এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে সবাই টিকিট কেটে এই অদ্ভুত প্রাণীটিকে দেখতে পারে। আজ একজন বিএনপি নেতার সঙ্গে তার যে আচরণ দেখলাম, তা সত্যিই লজ্জাজনক। এমন ম্যানারলেস মানুষ কীভাবে এমপি হলো, সেটাই প্রশ্ন।”
তিনি আরও দাবি করেন, এর আগেও বিএনপিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন হানজালা। রাশেদ খানের ভাষ্য অনুযায়ী, হানজালা বলেছিলেন, “আমি হানজালাকে খোঁচাখুঁচি করলে বিএনপি এই দেশে থাকতে পারবে না।”
এ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় এ ধরনের গর্জন শোনা যায়নি। তখন তারা কোথায় ছিলেন? এখন তাদের আচরণ দেখে মনে হচ্ছে, তারাই ক্ষমতাসীন আর বিএনপি বিরোধী দলে রয়েছে।”
রাশেদ খান অভিযোগ করেন, কিছু রাজনৈতিক ব্যক্তির মধ্যে অহংকার ও ঔদ্ধত্য বেড়ে গেছে। তিনি বলেন, “সরকারি দলের নেতাদের আচরণে এমন একটি প্রবণতা দেখা যাচ্ছে, যেন বিরোধী রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করা হচ্ছে।”
পোস্টের শেষাংশে তিনি রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গ টেনে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বিএনপিকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে।
তবে রাশেদ খানের এ মন্তব্যের বিষয়ে সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালার কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

