Saturday, November 7

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগকে সরকার কোনো রাজনৈতিক দল হিসেবে মনে করে না, বরং একটি ‘মাফিয়া পার্টি’ হিসেবে বিবেচনা করে। তিনি বলেন, দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে এবং তাদের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের তৎপরতার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগকে আমরা কোনো রাজনৈতিক দল মনে করি না; এটি একটি মাফিয়া পার্টি। তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। আগামী ২৩ জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে যেকোনো কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে।”

এ সময় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, তাকে ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, “বেনজীর আহমেদের বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। আশা করছি, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে অপরাধী চক্রের দৌরাত্ম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “মোহাম্মদপুর বহু বছর ধরে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। এলাকাটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবেই পুরস্কৃত করা হচ্ছে।

সরকারের আইনশৃঙ্খলা রক্ষার চলমান উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave A Reply


Math Captcha
22 + = 24