Saturday, November 7

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের তিন বাসিন্দা এ দুর্ঘটনার শিকার হন।

নিহতরা হলেন কামালপুর গ্রামের হামিদ মিয়া (৪৫), সাবির আলী (৪০) এবং কাবিল মিয়া (৫০)। নিহত হামিদ মিয়া ও কাবিল মিয়া আপন দুই ভাই। তারা একই গ্রামের জহির মিয়ার ছেলে। অপরদিকে সাবির আলী একই এলাকার রফিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে একটি নৌকা নিয়ে হাকালুকি হাওরে মাছ ধরতে যান তিন জেলে। দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো হয়ে ঝোড়ো হাওয়া শুরু হয়। এ সময় বজ্রপাতের ঘটনায় তারা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

প্রথমদিকে কাবিল মিয়া নিখোঁজ ছিলেন। পরে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে প্রশাসন।

নিহত সাবির আলীর চাচাতো ভাই দেলোয়ার হোসেন জানান, প্রতিদিনের মতো তারা বড়শি দিয়ে মাছ ধরতে হাওরে গিয়েছিলেন। মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন তারা।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, “হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ থাকা একজনের মরদেহও সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে।”

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, নিহত তিন জেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

একই গ্রামের তিনজনের আকস্মিক মৃত্যুতে কামালপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

Leave A Reply


Math Captcha
2 + 8 =