Saturday, November 7

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে আদালতে উপস্থিত হন অভিনেতা জাহের আলভী। পরে শুনানি শুরু হলে তিনি কাঠগড়ায় দাঁড়ান। তার পক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ একাধিক আইনজীবী জামিনের পক্ষে শুনানি করেন।

অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবীরা জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান।

জামিন আবেদনে জাহের আলভীর পক্ষ থেকে দাবি করা হয়, তিনি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। প্রেমের বিয়ের জেরে ব্যক্তিগত ক্ষোভ ও প্রতিহিংসাবশত তাকে হয়রানির উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে। এছাড়া মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই বলেও উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়, মামলাটি দায়েরের সময় তিনি ঈদ উপলক্ষে নাটক নির্মাণের কাজে নেপালে অবস্থান করছিলেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইবনাত ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ এবং বিভিন্ন ধরনের মানসিক ও শারীরিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য, জাহের আলভী ও আফরা ইবনাত ইকরার বিয়ে হয়েছিল ২০১০ সালে। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। একই মামলায় গত ৪ জুন অভিনেতার মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন লাভ করেন।

তবে মামলার অভিযোগগুলো এখনো বিচারাধীন এবং আদালতের চূড়ান্ত রায়ের আগে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।

Leave A Reply


Math Captcha
+ 9 = 13