নিজস্ব প্রতিবেদক: দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৬ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ৬ জন সন্দেহজনক হাম রোগী চিহ্নিত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে ১ হাজার ৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১৩৬ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে একজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৪ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৯৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট ৭২ হাজার ৪০৫ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৮ হাজার ৭৮২ জন।
হাম প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি শিশুদের নির্ধারিত টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

