Saturday, November 7

খুলনার পাইকগাছা উপজেলায় এক মসজিদের ইমাম ও মাদরাসার কর্মচারীর বিরুদ্ধে এক গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন করে অভিযুক্তের চাকরিচ্যুতির দাবি জানিয়েছেন।

রোববার (১৪ জুন) দুপুরে শান্তা বাজার সড়কে শিবসা সামাজিক যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, আলমশাহী মসজিদের ইমাম ও শান্তা নুরুল হক দাখিল মাদরাসার কর্মচারী মোস্তাকুল মোড়ল দীর্ঘদিন ধরে এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন।

স্থানীয়দের দাবি, গত বৃহস্পতিবার রাতে ওই নারীর স্বামী নিজ বাড়িতে মোস্তাকুলকে আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে স্থানীয় লোকজন তাদের পুলিশে সোপর্দ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই তদন্ত শেষে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এদিকে ফকিরাবাদ শান্তা আলহাজ্ব নুরুল হক দাখিল মাদরাসার অধ্যক্ষ কামরুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে মোস্তাকুল মোড়লকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

অভিযুক্ত মোস্তাকুল মোড়ল দাবি করেছেন, ঘটনার পর তারা এলাকার বাইরে অবস্থান করছেন এবং নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেছেন।

ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। স্থানীয়দের ভাষ্য, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে তারা আরও কর্মসূচি ঘোষণা করবেন।

Leave A Reply


Math Captcha
− 6 = 2