সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করে দুবাই পুলিশ।
পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, দুদকের মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১২ জুন এ বিষয়ে একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাধিক মামলা তদন্ত করছে দুদক। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে গ্রেপ্তারের পর তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া কিংবা পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

