Tuesday, November 3

দীর্ঘদিন কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা ও পলায়নের অভিযোগে বহুল আলোচিত সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশের আট কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। পৃথক প্রজ্ঞাপনে তাঁদের বিরুদ্ধে পলায়ন এবং কোনো কোনো ক্ষেত্রে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, ট্যুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) শ্যামল কুমার মুখার্জী, লক্ষ্মীপুরের সাবেক পুলিশ সুপার মো. তারেক বিন রশিদ, রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিন ও মো. মনিরুজ্জামান সরকার, নৌ পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান এবং বরিশালের সহকারী পুলিশ কমিশনার কাজী মিজানুর রহমান।

হারুনকে বরখাস্ত ২০২৪ সালের ৬ আগস্ট থেকে

প্রজ্ঞাপন অনুযায়ী, হারুন অর রশীদকে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) বিধি অনুযায়ী পলায়নের অভিযোগ আনা হয়। তদন্ত ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় একই বিধিমালার ৪(৩)(ঘ) বিধি অনুযায়ী তাঁকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়েছে। আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকেও পলায়নের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। তাঁর ক্ষেত্রে বরখাস্তের সিদ্ধান্ত ২০২৫ সালের ২২ জানুয়ারি থেকে কার্যকর হবে। বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত অবস্থায় রাজশাহীতে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন।

ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিনের বিরুদ্ধেও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা হয়। বর্তমানে কানাডায় অবস্থানরত এই কর্মকর্তাকে ২০১৮ সালের ২৮ মার্চ থেকে চাকরি থেকে বরখাস্ত করার কথা প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

অসদাচরণ ও অনুপস্থিতির অভিযোগ

ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান সরকারকে অসদাচরণ ও পলায়নের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এ আদেশ ২০১৯ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।

নৌ পুলিশের টাঙ্গাইল অঞ্চলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছানকেও পলায়নের অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে। সাময়িক বরখাস্ত অবস্থায় থাকা এই কর্মকর্তার ক্ষেত্রে আদেশ কার্যকর হয়েছে ২০২৪ সালের ২৩ অক্টোবর থেকে।

লক্ষ্মীপুরের সাবেক পুলিশ সুপার মো. তারেক বিন রশিদ ২০২৪ সালের ২ নভেম্বর থেকে ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটি ভোগের জন্য কর্মস্থল ত্যাগ করেন। ছুটি শেষে ১৭ নভেম্বর তাঁর কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। তবে তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অনুপস্থিত থাকেন। দুই দফা কারণ দর্শানোর নোটিশ পাঠানোর পরও জবাব না পাওয়ায় রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ২০২৪ সালের ১৭ নভেম্বর থেকে তাঁকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

আনিসুর রহমানের বিরুদ্ধে একাধিক নোটিশ

রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান ২০২৪ সালের ২৭ আগস্ট নৌ পুলিশ, ঢাকায় সংযুক্ত হয়ে যোগদান করেন। প্রজ্ঞাপনে বলা হয়, ঠান্ডা, জ্বর ও কাশিজনিত অসুস্থতার কারণে অফিসে আসতে পারবেন না জানিয়ে তিনি ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি একটি প্রতিবেদন জমা দেন। তবে সেখানে ছুটির ধরন, ছুটি ভোগের স্থান, শুরুর তারিখ ও মেয়াদ উল্লেখ করেননি। এ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেননি তিনি।

নৌ পুলিশ সদর দপ্তর থেকে একাধিকবার নোটিশ পাঠানো হলেও আনিসুর রহমান কর্মস্থলে যোগ দেননি বা কোনো প্রতিবেদন জমা দেননি। পরে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৃথক আদেশে উল্লেখ করা তারিখ থেকে এসব শাস্তি কার্যকর হবে।

Leave A Reply


Math Captcha
98 − = 96