Friday, October 23

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি, দ্রুত পণ্য খালাস ও আধুনিকায়ন কার্যক্রম ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ৩টার দিকে মোংলা বন্দরের জেটি এলাকায় পৌঁছে বন্দর সম্প্রসারণ প্রকল্প, জেটি সুবিধা ও কনটেইনার ইয়ার্ডসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৪টার পর তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হন।

এ সময় পথে গাড়ি থেকে নেমে নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে মোংলা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হেলিকপ্টারে সুন্দরবন পরিদর্শন করেন তারেক রহমান। এ সময় তিনি আকরাম পয়েন্ট, হিরণ পয়েন্ট ও ত্রিকোণ আইল্যান্ড-সংলগ্ন এলাকা ঘুরে দেখেন। সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ পর্যবেক্ষণ শেষে তাঁর হেলিকপ্টার খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে।

সেখানে অবতরণের পর স্কুলমাঠ থেকে লঞ্চঘাট পর্যন্ত হেঁটে যান প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন এবং উপকূলীয় এলাকার মানুষের খোঁজখবর নেন। পরে কোস্ট গার্ডের বিশেষ বোটে তিনি মোংলার উদ্দেশে রওনা হন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির মোংলা পৌর শাখার সভাপতি মো. জুলফিকার আলী বলেন, প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে মোংলাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। বন্দর উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে আশা করছেন স্থানীয়রা।

Leave A Reply


Math Captcha
45 + = 48