আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ খাত থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত।
বুধবার (২১ অক্টোবর) যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, দেশের কোনো রাজনৈতিক কার্যালয়ে এটিই প্রথম সৌর প্যানেল স্থাপন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে কার্যালয়টিতে নিজস্ব অর্থায়নে ৬ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। নিজস্ব ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থাও রয়েছে।
প্রতিমন্ত্রীর ধারণা, তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে এ প্রকল্পের স্থাপন ব্যয় উঠে আসবে। অন্য রাজনৈতিক দলগুলোও এ উদ্যোগ অনুসরণ করে নিজ নিজ কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনে আগ্রহী হবে বলে আশা করেন তিনি।
তিনি আরও বলেন, মানুষের আগ্রহের কারণে সরকার সৌরবিদ্যুৎ খাতে নীতি সহায়তা দিচ্ছে। এতে ক্ষুদ্র উদ্যোক্তা ও কর্মসংস্থান তৈরি হচ্ছে। পাশাপাশি পর্যায়ক্রমে সেচ পাম্পগুলো সৌরবিদ্যুতে রূপান্তর করা হবে। এতে ডিজেল ও বিদ্যুতের ওপর চাপ কমার পাশাপাশি কৃষকের উৎপাদন ব্যয়ও কমবে।

