Thursday, October 22

ধর্ম-বর্ণ কিংবা ঐতিহাসিক ভূমিকা নয়, প্রয়োজনের ভিত্তিতেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, চলতি বছর ৪১ লাখ গৃহকর্ত্রীকে এ কার্ড দেওয়া হবে। হতদরিদ্রদের দিয়ে কার্যক্রম শুরু করে ধীরে ধীরে ওপরের স্তর পর্যন্ত সম্প্রসারণ করা হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের ঐতিহাসিক জে এম সেন হলের দুর্গাপূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, এবারের দুর্গোৎসবে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ লক্ষণীয়। রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী, পেশাজীবী ও স্থানীয় বাসিন্দারা উৎসবের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের একটি পরিবেশ তৈরি হয়েছে।

তিনি বলেন, একটি আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে পুরো জাতিকে ঐক্যবদ্ধভাবে নিয়ে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। অতীতে দেশে মানুষের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে নানা সংকট দেখা গেছে। এসব পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয় ঐক্য জরুরি।

ফ্যামিলি কার্ডের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, কারা কার্ড পাবেন, তা নির্ধারণে ধর্ম বা বর্ণ বিবেচনা করা হবে না। যারা আর্থিকভাবে অসচ্ছল এবং যাদের সহায়তা প্রয়োজন, তারা যে ধর্মেরই হোন না কেন, ফ্যামিলি কার্ড পাবেন।

Leave A Reply


Math Captcha
20 − = 16