Tuesday, November 3

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী মোট ১৪১টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে এ তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ।

বেবিচক জানায়, গত ১০ অক্টোবর থেকে শুক্রবার রাত পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৬টি সরাসরি এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।

কোন এয়ারলাইন্সের কত ফ্লাইট বাতিল

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

এসব ফ্লাইট বিভিন্ন দেশে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মামে যাওয়ার কথা ছিল। তবে নিজ নিজ দেশ থেকে সংশ্লিষ্ট ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকা থেকে এসব যাত্রী পরিবহন করা সম্ভব হয়নি।

হুথি হামলার পর ফ্লাইট বাতিল

এর আগে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট চলাচল বন্ধ রেখেছিল।

ফ্লাইট বাতিলের কারণে সৌদি আরবগামী বিপুলসংখ্যক যাত্রী অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঢাকা-সৌদি রুটে ফ্লাইট চলাচল নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।

Leave A Reply


Math Captcha
34 + = 44