ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় ঘরে হাঁস যাওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের বউয়ের ধারালো বটির কোপে লুৎফর রহমান টুকু মোল্লা (৪৫) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত টুকু মোল্লা ওই গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচাতো ভাবি সীমা বেগম পলাতক রয়েছেন। তিনি একই গ্রামের তুরস্ক প্রবাসী সোহাগ মোল্লার স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, ভাতিজার সুন্নতে খৎনার অনুষ্ঠানে যোগ দিতে দুই দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন টুকু মোল্লা। শুক্রবার অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যার দিকে হাঁস পালনের বিষয় নিয়ে টুকু মোল্লার সঙ্গে সীমা বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সীমা বেগম হাতে থাকা বঁটি দিয়ে টুকু মোল্লাকে কোপ দিয়ে পালিয়ে যান।

নিহতের চাচাতো ভাই শাহিন মোল্লা বলেন, গুরুতর আহত অবস্থায় টুকু মোল্লাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তানসীভ জুবায়ের বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

খবর পেয়ে ভাঙ্গা থানা-পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার মরদেহের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, অভিযুক্ত নারীকে ধরতে পুলিশ কাজ করছে।

Leave A Reply


Math Captcha
− 1 = 1