চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এ এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ভাষায় হেনস্তার অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম আলি আহসান মোজাহিদ। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রশিবিরের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
জানা যায়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার’ নামের একটি ফেসবুক গ্রুপে শামসুন নাহার হল ও হল সংসদ নিয়ে করা একটি পোস্টে রুমি নামে এক নারী শিক্ষার্থী মন্তব্য করেন। পরে ‘ScenicLizard7729’ নামের একটি বেনামি আইডি থেকে তাকে অশালীন ভাষায় আক্রমণ করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন ওই আইডির পেছনে ছিলেন মোজাহিদ। এ বিষয়ে সরাসরি যোগাযোগ করলে অভিযুক্ত ঘটনার সত্যতা স্বীকার করেন এবং দাবি করেন, তাকে এ কাজের জন্য ‘লেলিয়ে’ দেওয়া হয়েছিল।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। চাকসুর নেতারাও নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অনলাইন বুলিং ও হয়রানির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী-র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

