Thursday, October 22

গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্যসেবা খাতে কিছুই করেনি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বরং এ সময়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) রাতে নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুরে দেবেন্দ্র সূত্রধরের বাড়ির দুর্গামন্দির পরিদর্শন শেষে স্থানীয়দের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চোখের সামনে ২০ থেকে ২৫ কোটি টাকা মূল্যের রেডিওথেরাপি মেশিন পড়ে থেকে নষ্ট হয়ে গেছে। দেশে আরও ১৭টি রেডিওথেরাপি মেশিন আনা হচ্ছে। এর মাধ্যমে ক্যানসার রোগীদের চিকিৎসাসেবা বাড়ানো হবে। ঢাকায় ছয়টি এবং অন্যান্য বড় শহরে ১১টি রেডিওথেরাপি মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবা উন্নত করতে প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজি ল্যাবরেটরি, ব্রেস্টফিডিং কর্নার, প্রেয়ার কর্নার ও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনসহ বিভিন্ন ধরনের সেবা নিশ্চিত করা হবে।

এ সময় পূজা পরিচালনা কমিটির সভাপতি অপূর্ব সূত্রধর (অপু), উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মরসুর, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আহসান হাবীব বিপ্লব, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানউল্লাহ, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রশিদুল ইসলাম লাল মিয়া ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন শ্যামল উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, পূজা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পরিমল সূত্রধর এবং স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।

Leave A Reply


Math Captcha
9 + 1 =