Thursday, October 22

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মোহাম্মদ হাবিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ওচমানপুর-জোরারগঞ্জ আঞ্চলিক সড়কের সাহেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব ওচমানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাহেবপুর এলাকার আমির আলী সওদাগর বাড়ির কাদেরুল ইসলামের ছেলে। আহত দুই বন্ধু হলেন একই এলাকার নাঈম হোসেন (২২) ও সাজ্জাদুল ইসলাম (২৬)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় হাবিব ও তার দুই বন্ধু মোটরসাইকেলে করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে সাহেবপুর এলাকায় একটি পূজামণ্ডপ থেকে অটোরিকশা প্রধান সড়কে ওঠার সময় মোটরসাইকেলটি সড়কের একটি গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারায়। পরে অটোরিকশাটির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে তিন বন্ধু গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক হাবিবকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। আহত নাঈম ও সাজ্জাদুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ রাকিব হাসান জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে হাবিবকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়। বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ করে থানায় নিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত হাবিবের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Leave A Reply


Math Captcha
27 − 18 =