Thursday, October 22

বিএনপি সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষকে সমানভাবে দেখে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না।’

সোমবার (১৯ অক্টোবর) রাতে ফরিদপুরের সালথায় শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনকালে সাহাপাড়া পূজামণ্ডপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, তখন সব ধর্মের মানুষ সমঅধিকার নিয়ে বাঁচতে পারেন। তারা স্বাধীনভাবে ও নিরাপত্তার সঙ্গে ধর্মীয় উৎসব পালন করতে পারেন।

তিনি বলেন, ‘আমরা ১৮ কোটি মানুষকে আশ্বস্ত করতে চাই। তারা যে ধর্মের বা বর্ণেরই হোন না কেন, সবাই সমঅধিকার নিয়ে বাঁচবেন। আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না।’

বর্তমান ও গত বছরের দুর্গাপূজার পরিবেশের তুলনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশ একটি গণতান্ত্রিক সরকারের অধীনে রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছে। এই সরকার সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, গত বছরের দুর্গাপূজায় বিএনপির নেতাকর্মীরা মন্দির কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় করে সারা রাত পাহারা দিয়েছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি গত সরকারের সময়ের বরাদ্দের সঙ্গে এ বছরের বরাদ্দের তুলনা করে জানতে চান, এবার তারা আগের তুলনায় বেশি বরাদ্দ পেয়েছেন কি না।

শামা ওবায়েদ আরও বলেন, গত ১৭ বছর মানুষ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। তবে এবারের দুর্গাপূজায় সব ধর্মের মানুষ এক হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে উৎসব পালন করছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে সম্প্রীতির এই বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের মধ্যে কোনো ধরনের কোন্দল বা দলাদলি করা যাবে না। সবাইকে মিলেমিশে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

পরিদর্শনকালে সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ও মিরান হোসেন, সদস্য সচিব এনায়েত হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
45 + = 46