Tuesday, October 20

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ৮০ কিলোমিটার এলাকায় গড়ে উঠেছে হাজারের বেশি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। এর মধ্যে যাচাই-বাছাই করে প্রায় ২৫০টি প্রতিষ্ঠানের বৈধতা না থাকার তথ্য পেয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক), ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর। এসব প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে নোটিশ দিয়ে সতর্ক করা হলেও অনেক ক্ষেত্রেই কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

অবৈধ এসব প্রতিষ্ঠানের তালিকায় ছিল মেরিন ড্রাইভসংলগ্ন পাটুয়ারটেকের টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টও। গত শনিবার (১৭ অক্টোবর) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে রিসোর্টটির ১০ পর্যটক নি’হত এবং ছয়জন আহত হওয়ার পর প্রতিষ্ঠানটির অনুমোদন না থাকার বিষয়টি সামনে আসে।

কউকের অনুমোদন ছিল না টুপটুপ রিসোর্টের

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন জানান, টুপটুপ রিসোর্টের কউকের অনুমোদন ছিল না। এ বিষয়ে প্রতিষ্ঠানটিকে নোটিশও দেওয়া হয়েছিল। তবে এরপর কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি জানান, মেরিন ড্রাইভ এলাকায় হাজারের বেশি প্রতিষ্ঠান রয়েছে। সব প্রতিষ্ঠান একসঙ্গে যাচাই করা কউকের পক্ষে সম্ভব হয়নি। ধারাবাহিকভাবে যাচাই-বাছাইয়ের কাজ চলছে। ইতিমধ্যে যাচাই করা প্রায় ২৫০টি প্রতিষ্ঠানকে বৈধতা নিশ্চিত করতে নোটিশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময় পর্যন্ত নোটিশের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করা হবে জানিয়ে তিনি বলেন, এরপর চূড়ান্ত নোটিশ দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হবে।

ফায়ার সার্ভিসের লাইসেন্সও ছিল না

ঢাকায় এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জানান, টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টের ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না। এ বিষয়ে আগে সতর্ক করা হলেও প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ প্রয়োজনীয় বৈধতা নেয়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, টুপটুপ রিসোর্ট ছাড়াও মেরিন ড্রাইভ এলাকার দুই শতাধিক প্রতিষ্ঠানকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগেই নোটিশ দিয়ে সতর্ক করা হয়েছিল। এসব প্রতিষ্ঠানের ফায়ার সার্ভিসের লাইসেন্স নেই। বিষয়টি নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে শনিবার ঢাকায় থেকে নির্দেশনা এসেছে।

পরিবেশ ছাড়পত্র নেই আড়াই শত প্রতিষ্ঠানের

পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা জানান, মেরিন ড্রাইভ এলাকার টুপটুপ রিসোর্টসহ প্রায় ২৫০টি প্রতিষ্ঠানের পরিবেশ ছাড়পত্র নেই। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দুর্ঘটনার পর উঠছে প্রশ্ন

বড় ধরনের দুর্ঘটনার পর মেরিন ড্রাইভ এলাকার বিপুলসংখ্যক প্রতিষ্ঠানের বৈধতা না থাকার বিষয়টি সামনে আসায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।

কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্যসচিব বেলাল আবেদীন বলেন, পর্যটন বিকাশের পূর্বশর্ত পর্যটকদের নিরাপত্তা। ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানির পর টুপটুপ রিসোর্টসহ অন্যান্য প্রতিষ্ঠানের বৈধতা না থাকার বিষয়টি সামনে এসেছে। এ ক্ষেত্রে কউক, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

Leave A Reply


Math Captcha
− 7 = 2