Sunday, October 18

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ’ নামে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নি’হতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

নি’হতদের মধ্যে ঢাকার বনশ্রী এলাকার বাসিন্দা আশিকুলের পরিবারের ছয় সদস্য রয়েছেন। তারা হলেন—ফারিয়া কবির (৩৩), নাফিস ইবতে হামিদ (২৪), পাঁচ বছর বয়সী ফাইজান, মিথিলা মেহজাবিন (২৩), লাইলা জাহান নাবিলা (২৪) ও মালিহা (২৮)।

অগ্নিকাণ্ডে আহত ছয়জন হলেন—মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০), সামিদা (৩২), নাফিজা নওয়ার খান (২৯) ও সাহাবুদ্দিন (৩১)। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, রিসোর্টে আশিকুলের পরিবারের নয়জন সদস্য ছিলেন। তাদের মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, রিসোর্টের রেজিস্টারে ২৭ জনের প্রবেশের তথ্য রয়েছে। এর মধ্যে নয়জন রিসোর্টের বাইরে ছিলেন। উদ্ধার তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য জানানো সম্ভব নয় বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোরশেদ সাংবাদিকদের বলেন, প্রথম দিকে ছয়টি মরদেহ উদ্ধার করা হয়। আহত ছয়জনকেও উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নতুন করে উদ্ধার হওয়া চারজনের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে।

রান্নাঘরের চুল্লি থেকে আগুনের ধারণা

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, হতাহতরা সবাই পর্যটক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের পর উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের পাশাপাশি বিজিবিও যোগ দিয়েছে। রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।

Leave A Reply


Math Captcha
− 4 = 6