Monday, October 19

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) শাখা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় শুক্রবার রংপুর মহানগরীর কাচারী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে রংপুর মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাচারী বাজার এলাকার একটি বাসা থেকে প্রমাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানা-পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল এ অভিযান চালায়।

পুলিশ জানায়, প্রমা রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউজ্জামান বাবুর মেয়ে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় গত বছরের ১৪ আগস্ট নিউ ইঞ্জিনিয়ার পাড়ায় নিজ বাড়ি থেকে আতাউজ্জামান বাবুকে গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশের দাবি, বিডিইউ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা প্রমার বিরুদ্ধে রংপুরে নাশকতামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি বলেন, শুক্রবার সন্ধ্যায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রমাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave A Reply


Math Captcha
− 4 = 1