নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।
শনিবার (১৭ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ণকলস গ্রামের একটি ঘাসের জমির আইলের ওপর কলাগাছের নিচে সন্দেহজনক একটি বাজারের ব্যাগ পড়ে থাকার খবর পায় এসআরবি-৫-এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে সদস্যরা ঘটনাস্থলে যান।
সেখানে স্থানীয় লোকজনের উপস্থিতিতে সন্দেহজনক ব্যাগটি তল্লাশি করে একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি পাওয়া যায়। পরে বিধি অনুযায়ী অস্ত্রগুলো জব্দ করা হয়।
এসআরবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জিডিমূলে নাটোরের বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বলে জানিয়েছে সংস্থাটি।

