যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বড় ভাইয়ের মৃ’ত্যুর ১১ দিন পর মারা গেছে ছোট ভাই। পরপর দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন প্রবাসী বাংলাদেশি দম্পতি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁদের বাবা। অন্যদিকে শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা।
মারা যাওয়া দুই ভাই হলেন শাহ আদ্রী (২৬) ও শাহ ওয়াদি (১০)। বড় ভাই আদ্রী সম্প্রতি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন। ছোট ভাই ওয়াদি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
পরিবারটির বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ফুলবাড়ি গ্রামে। তাঁরা প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
সড়ক দুর্ঘটনায় বড় ভাইয়ের মৃ’ত্যু
নিহত দুই ভাইয়ের মামাতো ভাই তাজুল বাহার জানান, গত ৩ অক্টোবর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান শাহ আদ্রী।
এর ১১ দিন পর বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে জ্বরে আক্রান্ত হয়ে নিউইয়র্কের ব্রঙ্কসের মন্টিফিওর হাসপাতালে মারা যায় ছোট ভাই শাহ ওয়াদি।
শোকে অসুস্থ বাবা, ভেঙে পড়েছেন মা
অল্প সময়ের ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে পরিবারটিতে নেমে এসেছে গভীর শোক। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের বাবা শাহ আসাদ। অন্যদিকে দুই সন্তানকে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা। মেজো ছেলে শাহ আয়ানকে কোলে নিয়ে বিলাপ করছেন তিনি।
শাহ আসাদের মামাতো ভাই কামরুল হাসান দুই ভাইয়ের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

