Friday, October 9

সড়ক পরিবহণ খাতে দীর্ঘদিনের নৈরাজ্য, আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি বন্ধ করে মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে পরিবহণ খাতের কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ দূর করে আইনি শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, সড়ক পরিবহণ খাতকে ঘিরে যে কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ গড়ে উঠেছে, তা দূর করতে অবিলম্বে কার্যকর উদ্যোগ প্রয়োজন। নতুন নেতৃত্ব তাদের চিন্তা ও ধারণা কাজে লাগিয়ে পরিবহণ খাতের অচলাবস্থা নিরসন, খাতটিকে আইনসংগত করা এবং যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপনে ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

তিনি আরও বলেন, নতুন কমিটির নেতৃত্বে সড়ক পরিবহণ খাতের দীর্ঘদিনের দুরবস্থা ও বেহাল দশা থেকে একটি নতুন ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে। এতে মানুষের আস্থা বাড়বে এবং যাতায়াতে নিরাপত্তা ও স্বস্তি ফিরবে।

পরিবহণ খাতের আধুনিকায়নের ওপর জোর দিয়ে রিজভী বলেন, নতুন নতুন ধারণার মাধ্যমে এ খাতকে ঢেলে সাজানো হবে। পাশাপাশি পরিবহণ শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সাধারণ যাত্রীদের সেবার মান উন্নয়নেও নতুন কমিটিকে ভূমিকা রাখতে হবে।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, দায়িত্বশীল রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গত ১৭ বছরের নৈরাজ্যের স্থায়ী অবসান ঘটানো সম্ভব হবে।

এর আগে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের নতুন সভাপতি সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজুর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও মিছিল নিয়ে জিয়া উদ্যানে উপস্থিত হন। পরে রিজভী নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

Leave A Reply


Math Captcha
+ 26 = 27