Sunday, September 27

মাদারীপুরের ডাসারে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরিশালগামী ‘লাবিবা পরিবহন’-এর বাসটি কর্ণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় দ্রুতগতির বাসটি সড়কের ডান পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মাদারীপুরের কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলেও বড় ধরনের প্রাণহানি ঘটেনি। দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, তবে তারা সবাই আশঙ্কামুক্ত রয়েছেন।

Leave A Reply


Math Captcha
+ 19 = 22